স্পেনে দ্বিতীয় ক্লাব কিনছেন মেসি
প্রকাশ: 9 September 2026 । 19:38 | আপডেট: 9 September 2026 । 19:38
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে স্প্যানিশ ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। এবার দেশটির আরেকটি ক্লাবের মালিকানা নিতে যাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব ‘এলদেনসে’ কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সী মেসি। আর্থিক ও আইনি যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর চুক্তিটি চূড়ান্ত হবে।
এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। চলতি বছরের শুরুতে স্প্যানিশ পঞ্চম বিভাগের ক্লাব ‘কর্নেয়া’ কিনেছিলেন তিনি। তবে কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায়, এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব।
এ ছাড়া উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানায় ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যুক্ত আছেন মেসি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘদিন নিচের সারির লিগে খেলেছে। ২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবার দ্বিতীয় বিভাগে উঠেছিল ক্লাবটি। এবারের গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে উঠে এলেও চলতি মৌসুমে চার ম্যাচের একটিতেও জয় পায়নি দলটি। এরই মধ্যে প্রধান কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে।
৫ হাজার ৭৭৬ আসনের ‘নুয়েভো পেপিকো আমাত’ স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করা এলদেনসে বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ ‘গ্রুপো টিএইচ’-এর মালিকানাধীন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, ভিন্ন বিভাগের দল হওয়ায় বর্তমানে কর্নেয়া ও এলদেনসে—দুই ক্লাবের মালিকানায় মেসির জন্য তাৎক্ষণিক কোনো আইনি জটিলতা নেই। তবে ভবিষ্যতে কর্নেয়া দ্বিতীয় বিভাগে উঠে এলে একাধিক ক্লাবে সংখ্যাগরিষ্ঠ মালিকানা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
মেসির সম্ভাব্য মালিকানা ঘিরে তাই নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্পেনের ছোট ক্লাব এলদেনসেকে ঘিরে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.