আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে..
প্রকাশ: 9 September 2026 । 11:13 | আপডেট: 9 September 2026 । 11:13
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়—এমন সমীকরণ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ব্যাট হাতে প্রত্যাশামতো পারফর্ম করতে না পারলেও বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার রাতে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই অলআউট হয় আমিরাত।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই কোনো রান না করে ফিরেন দিলারা আক্তার। পরের ওভারে ৩ রান করে আউট হন সোবহানা মোস্তারি। ফলে মাত্র ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েন। তবে ১৬ রান করে জুয়াইরিয়া ফিরলে ভাঙে এই জুটি।
শারমিন আক্তার সুপ্তাকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন জ্যোতি। কিন্তু ১১তম ওভারে ২৩ রান করে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে। এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনও রানের খাতা খোলার আগেই আউট হলে ৫৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে দলের ইনিংস ঘুরিয়ে দেন সুপ্তা ও নাহিদা আক্তার। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুপ্তা সহ-অধিনায়ক নাহিদাকে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। সুপ্তার ৩১ বলে ৩৮ রানের ইনিংসে ছিল তিনটি চার। নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন। তাঁদের জুটির ওপর ভর করেই শতরান পার করে বাংলাদেশ।
জবাবে ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফিরে যান। পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন মারুফা আক্তার।
পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করতে পারে আমিরাত, যা চলতি টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন। এরপরও স্বাগতিক দল ঘুরে দাঁড়াতে পারেনি।
অষ্টম ওভারে রিনিথা রজথকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন একাদশে ফেরা রাবেয়া খান। পরে তীর্থ সতীশকে আউট করেন সুলতানা খাতুন। পরের ওভারে লাবণ্য কেনিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন নাহিদা আক্তার।
একপর্যায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারানো আমিরাত আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। নাহিদাও শিকার করেন ২ উইকেট। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.