ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ..
প্রকাশ: 8 September 2026 । 20:14 | আপডেট: 8 September 2026 । 21:27
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পড়াশোনার সঙ্গে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ি ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করতে বলেন। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করা প্রয়োজন।
এ ছাড়া প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ মানবিক সমাজের পরিচয়।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে এসেছিল। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির দুজন সদস্য ছিলেন। অধিবেশন দেখার একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.