শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টি..

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৪১ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৪১

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত যুবক-যুবতীদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজের প্রতিনিধি, চা-বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভিন্ন বেসরকারি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক, চা জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় শ্রীমঙ্গল উপজেলার চা-বাগান এলাকার বেকার ও সুবিধাবঞ্চিত যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

দাতা সংস্থা লাইফ (প্যারিস) ও বাংলা-জার্মান সম্প্রীতির (বিজিএস) সহায়তায় এবং সোশ্যাল এইড, ঢাকার বাস্তবায়নে টাঙ্গাইলের দেওলায় অবস্থিত বিজিএস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আবাসিকভাবে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি ব্যাচে ২০ জন করে দুটি ট্রেডে মোট ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। তিনটি ব্যাচে ইতোমধ্যে মোট ১২০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রাণ-আরএফএল, ওয়ালটন, সুজুকি ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের অলিপুর শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরিতে যোগ দিয়েছেন।

বর্তমানে চতুর্থ ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ৩০ সেপ্টেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে। প্রশিক্ষণ শেষে ১ অক্টোবর থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

অ্যাডভোকেসি সভায় প্রকল্পের অগ্রগতি ও সফলতা পর্যালোচনা, প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের অভিজ্ঞতা, চা-বাগান এলাকার যুবকদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সুবিধাবঞ্চিত যুবকদের আরও বেশি সংখ্যায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনা, প্রশিক্ষণের পর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চা-বাগান কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও মতামত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড, ঢাকার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, পরিচালক ও প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ইসহাক মিয়া সোহেল, বিজিএস ঢাকার নির্বাহী পরিচালক পাইংশৈ মারমা, বিজিএস এর পরিচালক জগদীশ চন্দ্র রায়, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!