তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা..
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:০৬
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
তৃণমূল পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামানতবিহীন সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ-অনুদানের বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের এ সহায়তা দেওয়া হবে। এতে মোট সহায়তার অর্ধেক থাকবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান।
কৃষি থেকে প্রযুক্তিভিত্তিক উদ্যোগ—বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকলে সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণরা এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, প্রয়োজনের ভিত্তিতে নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর অর্ধেক ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
যেসব খাতে মিলবে সহায়তা
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, গবাদিপশু পালন, পর্যটন, সেবাখাত এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রস্তাব এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুবিধা দেওয়া হবে। এসব উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
কবে থেকে আবেদন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে সার্কুলার জারি করা হবে। এরপর নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলায় বসবাস করছেন, তারা পূর্ব অভিজ্ঞতা না থাকলেও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এক মাস সময় দেওয়া হবে।
প্রথম ধাপে ৮ জেলায় কর্মসূচি
প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনাসহ আট জেলায় কর্মসূচিটি চালু করা হবে।
ধীরে ধীরে ৬৪ উপজেলায় কর্মসূচি সম্প্রসারণ করা হলে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচন করা হবে।
পরবর্তীতে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণ করে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সুদের হার ৪ থেকে ৭ শতাংশ, লাগবে না জামানত
ঋণের অংশের জন্য গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার ৪ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে। এ ঋণের জন্য উদ্যোক্তাদের কোনো জামানত দিতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে কোনো ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদমুক্ত ঋণে পরিণত হবে। সে ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং ভবিষ্যতে অন্য কোনো ব্যাংক ঋণ পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
৫০০ কোটি টাকার তহবিল
প্রাথমিকভাবে এ কর্মসূচির জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এর অনুদান ফান্ডে অর্থের জোগান দিতে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থ সরবরাহ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.