‘সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও..
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:৩৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:৩৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হলো গণমাধ্যম। সরকারের কাজ ভালো হচ্ছে, নাকি খারাপ হচ্ছে—তা সাংবাদিকরাই তুলে ধরবেন। তবে সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা তাদের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কোনো নীতিমালা করে মানুষকে নৈতিকভাবে ভালো করা যায় না। আইন করে কাউকে শাস্তির আওতায় আনা সম্ভব হলেও নৈতিকতার বিষয়টি ব্যক্তির নিজের বিবেচনার ওপর নির্ভর করে। কোনো অর্ধসত্য, স্বল্পজ্ঞান বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ যেন কোনো মানুষের সুনাম, ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে। একইভাবে অযাচিত প্রশংসা থেকেও বিরত থাকতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। বর্তমানে সাইবার বুলিং ও ভুয়া তথ্যের প্রবণতাও বাড়ছে। মানুষ এখন সত্য সংবাদ দেখেও সেটি ‘ফেক নিউজ’ কি না, তা যাচাই করে দেখছে।
পার্থ বলেন, রাজনীতিবিদ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা গ্রহণের সক্ষমতা আমাদের আরও বাড়াতে হবে। সবার হাতে স্মার্টফোন থাকায় গণতন্ত্র ও বাক্স্বাধীনতার নামে কী ধরনের ভাষা ব্যবহার হচ্ছে, গত দুই-তিন বছরে তা আমরা দেখেছি। সব মিলিয়ে তিনি মনে করেন, পরিস্থিতি খারাপ নয়; বরং সমাজ একটি নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এবং মানুষের মানসিকতাতেও পরিবর্তন এসেছে।
সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনারা সরকারের সমালোচনা করবেন, কোথায় কাজ ঠিকমতো হচ্ছে না তা তুলে ধরবেন। একই সঙ্গে ভোলায় সরকারের দেওয়া বরাদ্দ ও উন্নয়নকাজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সেটিও জানাবেন। সংবাদ প্রকাশের উদ্দেশ্য হওয়া উচিত সরকারকে সঠিকভাবে কাজ করতে সহযোগিতা করা। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে যেন সংবাদ তৈরি না হয়।
মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্ব
ভোলায় মাদককে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, তরুণ সমাজ ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা যেতে পারে। ভোলায় কীভাবে মাদক প্রবেশ করছে, তার উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
মাদক নির্মূলে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি মতবিনিময় সভায় ভোলার সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী।
মতবিনিময় সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং প্রবীণ সাংবাদিক এম আবু তাহের ও শওকত হোসেন।
এ ছাড়া ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.