প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে..

প্রকাশ: 3 September 2026 । 18:30 | আপডেট: 3 September 2026 । 18:30

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এ উদ্যোগটি প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলায় চালু করা হবে। সফল হলে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে।

যেভাবে মিলবে অর্থ

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, তাকে ওই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। এ ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে।

এ ছাড়া অর্থায়নের একটি অংশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে দেওয়া হবে। অনুদানের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করলে অনুদানের অর্থ ঋণে পরিণত হবে।

কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও নির্দিষ্ট মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

কারা পাবেন সহায়তা

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকা অনেক তরুণ প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে। এ সময় ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করা হবে।

প্রতিটি জেলায় একটি ব্যাংককে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

৫ হাজার ৩০ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের আট বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।

এ জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে। এর অর্ধেক অর্থাৎ ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। এ অর্থের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।

কর্মসূচির প্রশাসনিক ও বাস্তবায়ন ব্যয়ও নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে উদ্যোক্তা খোঁজা ও প্রচার, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা, ব্যবসায়িক ধারণা মূল্যায়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির খরচ বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!