বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মী ও দেশবাসীকে..
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ । ১৯:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ । ১৯:৩৩
আলমগীর সোহাগ :-
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন হিসেবে উল্লেখ করেন তিনি।
বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা।
তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন এবং দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
তারেক রহমান বলেন, খালেদা জিয়া তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। পাশাপাশি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন, তাদের অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বিভিন্ন মেয়াদে বিএনপির সরকার পরিচালনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে যতবার জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর সম্প্রতি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জনগণের কাছে শতভাগ জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়ার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চায়।
বার্তার শেষাংশে তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের অপর নাম বিএনপি। জনগণের আস্থা ও প্রত্যাশাকে সমুন্নত রেখে দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থক আগামী দিনেও দেশমাতৃকার সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.