হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ । ১৮:২৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ । ১৮:২৮
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় সেখানকার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতীয় ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধের কারণে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
হঠাৎ করে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.