‘ব্যাটারি রিকশার নগরী’ বরিশাল, যানজটে..
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ১২:৪১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ১৩:৪০
আলমগীর সোহাগ :-
বরিশাল নগরীতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অসংখ্য জনক বৃদ্ধির কারণে নগরীর যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বাভাবিকভাবে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
নগরবাসীর ভাষ্য, কয়েক বছর আগেও মোটরসাইকেলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সম্ভব হতো। কিন্তু বর্তমানে কাকলী মোড় থেকে জেলখানা মোড় কিংবা বগুড়া রোডের ইসলামী ব্যাংক এলাকা থেকে বটতলা পর্যন্ত যেতে অনেক সময় আধা ঘণ্টা বা তারও বেশি সময় লাগছে।
শনিবার নগরীর বিভিন্ন সড়ক ঘুরে তীব্র যানজটের সত্যতা পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সদস্যদের ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে তৎপর থাকতে দেখা গেছে। তবে ট্রাফিক পুলিশের তৎপরতা থাকলেও অনেক চালক ট্রাফিক আইন ও সড়কের নিয়ম না মানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, বরিশাল নগরীর সড়কে বর্তমানে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। এর মধ্যে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা উল্লেখযোগ্য। ফলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, ‘একদিকে যানজট নিয়ন্ত্রণে আনলে অন্যদিকে আবার যানজট তৈরি হচ্ছে। ব্যাটারি রিকশার নিয়ন্ত্রণে প্রতিদিনই অনেকটা চোর-পুলিশের খেলা চলছে বলে তিনি জানান।
অন্যদিকে, নিয়মিত ট্যাক্স ও অন্যান্য সরকারি ফি পরিশোধকারী যানবাহনের মালিকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যাটারি চালিত রিকশাগুলোর অনিয়ন্ত্রিত চলাচলের কারণে বৈধ যানবাহন চালকরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
তাদের ভাষ্য, একসময় ‘প্রাচ্যের ভেনিস’ হিসেবে পরিচিত বরিশাল এখন ক্রমেই ‘ব্যাটারি রিকশার নগরীতে’ পরিণত হচ্ছে।
বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ
ব্যাটারি রিকশার কারণে বিদ্যুতের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নগরবাসীর কেউ কেউ দাবি করছেন, এসব যানবাহনের ব্যাটারি চার্জ দিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে।
এ ছাড়া কিছু ক্ষেত্রে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগও রয়েছে। এতে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
তবে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক আইন না মানার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর।
নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন দুর্ঘটনাকবলিত রোগীদের মধ্যে ব্যাটারি রিকশাজনিত দুর্ঘটনায় আহত ব্যক্তির সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন চিকিৎসক ও সেবাকর্মী। এসব দুর্ঘটনায় অনেকে আহত হওয়ার পাশাপাশি কেউ কেউ স্থায়ীভাবে কর্মক্ষমতা হারাচ্ছেন বলেও দাবি তাদের।
নগরবাসীর অভিযোগ, ব্যাটারি রিকশার বেপরোয়া ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলে অনেক পরিবার তাদের স্বজন হারাচ্ছে এবং অনেকে গুরুতর আহত হয়ে দীর্ঘমেয়াদি দুর্ভোগে পড়ছেন।
দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।
তাদের দাবি, নগরীর যানজট ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অবৈধ যানবাহন ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
নগরবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বরিশাল নগরীর যানজট ও সড়ক বিশৃঙ্খলা আরও প্রকট আকার ধারণ করতে পারে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.