যুক্তরাজ্যের বিমানবন্দরে সাইবার হামলা, চুরি..
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ১০:৫৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ১০:৫৭
অনলাইন ডেস্ক
ছুটির মৌসুমে ব্যস্ত সময় পার করছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো। এর মধ্যেই বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে দেশটির ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দর। হামলায় প্রায় ৮৭ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে গেছে।
বিমানবন্দর তিনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি) জানিয়েছে, কার পার্কিং, লাউঞ্জ, ফাস্ট-ট্র্যাক বুকিং এবং বিমানবন্দরের ওয়াই-ফাই ব্যবহারের সময় দেওয়া তথ্য আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইমেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও পোস্টকোড।
তবে হামলার কারণে ফ্লাইট চলাচল বা যাত্রী নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে এমএজি। যে সিস্টেমে হামলা হয়েছে, সেখানে গ্রাহকদের ব্যাংক বা পেমেন্টসংক্রান্ত তথ্যও সংরক্ষিত ছিল না।
লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর গ্রাহকদের সতর্ক করে বলেছে, তাদের পরিচয়ে আসা অপ্রত্যাশিত ইমেইল, ফোনকল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো অর্থ বা ব্যাংকিং তথ্য চেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ হঠাৎ যোগাযোগ করবে না।
এমএজি জানিয়েছে, হামলার ঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যে সাইবার নিরাপত্তা নিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। এর আগে দেশটির বিভিন্ন বড় কোম্পানি ও অবকাঠামোও সাইবার হামলার শিকার হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.