সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য..

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ । ১৩:০১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ । ১৩:০১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়া হচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।

এ ক্ষেত্রে চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গ্রাহকদের অর্থ উত্তোলনের সুবিধা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুনাফায় থাকবে না কোনো ‘হেয়ারকাট’

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।

এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীও আমানতকারীদের মুনাফায় কোনো ধরনের কর্তন করা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

এই বিভ্রান্তি দূর করতে কোনো আমানতকারীর মুনাফা কাটা হবে না—বিষয়টি অবিলম্বে সব গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর।

দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর তাগিদ

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!