কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম..
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১৯:২২ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ২১:২৭
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদারের সঙ্গে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও সন্দ্বীপ তালুকদার কমলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “কমলগঞ্জ একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে শিক্ষা, পর্যটন, যোগাযোগ, যানজটসহ বিভিন্ন ক্ষেত্রে যেমন সমস্যা রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনা। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে কমলগঞ্জকে আরও এগিয়ে নিতে চাই। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ—সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে যেমন তুলে ধরা যায়, তেমনি উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিকও মানুষের সামনে তুলে ধরা সম্ভব। তাই কমলগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে নতুন যোগদান করেছি। স্বাভাবিকভাবেই সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কমলগঞ্জে দৃশ্যমান ও জনবান্ধব কিছু কাজ করতে চাই।”
ইউএনও বলেন, “প্রশাসনের দরজা সবসময় মানুষের জন্য খোলা থাকবে। জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করব। কোনো সমস্যা বা সম্ভাবনার বিষয় গণমাধ্যমকর্মীদের নজরে এলে তা প্রশাসনের কাছে তুলে ধরার আহ্বান জানাই। আমরা সমালোচনাকে ভয় নয়, বরং সংশোধন ও উন্নয়নের সুযোগ হিসেবে দেখতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তাঁরা উপজেলার শিক্ষা, পর্যটন, যোগাযোগ, যানজট, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিকদের বক্তব্য ও মতামত মনোযোগ দিয়ে শোনার পর ইউএনও সন্দ্বীপ তালুকদার বলেন, “আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের কাজকে আরও সহজ ও কার্যকর করতে সহায়তা করবে। কমলগঞ্জের মানুষের কল্যাণে আমরা সবাই একটি টিম হিসেবে কাজ করতে চাই। আপনাদের গঠনমূলক সহযোগিতা, পরামর্শ ও দায়িত্বশীল সমালোচনা আমাদের পথচলায় সহায়ক হবে।”
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার এর আগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.