সমাজের সবাই এগিয়ে এলে বড়..

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ । ২২:৫৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ । ২২:৫৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে এলে বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার জন্য বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পাশাপাশি চা-শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চান, সরকার সবসময় তাদের পাশে থাকবে। সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ। ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয় করে চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!