ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলেই এআই..
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ । ২২:২৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ । ২২:২৮
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এখন থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরাভিত্তিক এই সিস্টেমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কে ইতোমধ্যে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি জানান, কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, উল্টো পথে চললে, নিষিদ্ধ স্থানে ওভারটেকিং করলে কিংবা অন্য কোনো ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরা তা শনাক্ত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করবে।
জরিমানার তথ্য তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডাটাবেজে চলে যাবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য জানানো হবে। অনলাইন বা মোবাইলের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিদ্যমান আইন অনুযায়ী তার গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। নতুন এই ব্যবস্থা নিয়ে জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হবে।
সরকারের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা মহাসড়কে আইন মানার প্রবণতা বাড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.