অবৈধ হাসপাতাল-ক্লিনিকে অভিযান, বন্ধ ২৫০টির..
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ । ২১:৪৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ । ২১:৪৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সরকার। গত পাঁচ মাসে সারা দেশে প্রায় ৫ হাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫০টির বেশি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম জানান, অভিযানে প্রায় ২০০টি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের সুযোগও দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার ক্লিনিক তাদের লাইসেন্স নবায়ন করেছে।
অভিযানে প্রতিষ্ঠানের লাইসেন্স, চিকিৎসা সরঞ্জামের মান, স্বাস্থ্যবিধি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বৈধ সনদ যাচাই করা হচ্ছে। অনিয়ম ধরা পড়লে জরিমানা, সিলগালা কিংবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, সারা দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৪১৫টি, ময়মনসিংহে ২৫২টি এবং চট্টগ্রামে ২৪০টি অবৈধ প্রতিষ্ঠান ছিল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ন্যূনতম স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ব্যর্থ কোনো হাসপাতাল বা ক্লিনিককে ছাড় দেওয়া হবে না। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে স্বাস্থ্যখাতের অনিয়ম দূর করে স্বচ্ছতা ও মানুষের আস্থা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে ভুয়া চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনিশিয়ানদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.