দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ । ১৮:৪২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ । ১৮:৪২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী ১৫ আগস্ট ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর অংশ হিসেবে নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র‍্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের বিভিন্ন রুটেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

এছাড়া নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে বিভিন্ন এলাকায় গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রলিংও বাড়িয়েছে র‍্যাব। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কোথাও বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‍্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!