শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতিসহ সব খাত ধ্বংস করে..
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ । ১৭:০৩ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ । ১৭:০৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের সব খাত ধ্বংস করে গেছে। এখন এসব খাত পুনর্গঠনের পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার। এখন এসব খাত পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।’
তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। দেশ পুনর্গঠনের এই যাত্রায় এসডিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান বলেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়’—এই নীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও মিল রয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করতে সরকারের নীতি হলো ‘সবার জন্য বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল তৈরি করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ যেভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.