শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট..
প্রকাশ: ২২ জুন ২০২৬ । ১৯:০৩ | আপডেট: ২২ জুন ২০২৬ । ১৯:০৩
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং ক্যাম্পেইন আয়োজন করে এনসিসি ব্যাংক পিএলসি।
রবিবার (২২ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্য তুলে ধরেন এবং আগ্রহী শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসাব (স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট) খোলার কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উবায়দুল হক। এছাড়া শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষাজীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে শিক্ষার্থীরা আর্থিকভাবে আরও সচেতন ও স্বনির্ভর হয়ে উঠবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কিত তথ্যসামগ্রী বিতরণ করা হয় এবং নতুন সঞ্চয়ী হিসাব খোলার কার্যক্রম সম্পন্ন করা হয়
পরে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ১০০ জন ছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা লাভ করে।
আয়োজকরা জানান, এনসিসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নিসর্গ- ‘আপনার সাথে সবুজের পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.