জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে..

প্রকাশ: ১৫ জুন ২০২৬ । ২০:৫৯ | আপডেট: ১৫ জুন ২০২৬ । ২০:৫৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু এবং পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

সোমবার (১৫ মে) মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শুধু লেখাপড়া করলেই চলবে না, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়তে পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম বা এক্সট্রা কারিকুলামের দিকে বিশেষ নজর দিতে হবে।’

শিক্ষাব্যবস্থায় গতি ফেরানোর ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, ‘সেশনজট কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যেই স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।

দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে। এই লক্ষ্যেই বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবার ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশগ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে ৪০০ জন শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!