বাদ্যযন্ত্রের দাম কমানোর প্রস্তাবে সারা..
প্রকাশ: ১৫ জুন ২০২৬ । ১৮:৪৯ | আপডেট: ১৫ জুন ২০২৬ । ১৯:১২
আলমগীর সোহাগ :-
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে গিটার, পিয়ানো, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং এসবের যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বরিশালের সঙ্গীতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে উচ্চমূল্যের কারণে অনেক শিক্ষার্থী ও তরুণ শিল্পী মানসম্মত বাদ্যযন্ত্র কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সঙ্গীতচর্চার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্ম আরও বেশি করে সংগীতমুখী হবে।
প্রস্তাবিত বাজেটে সরকার সৃজনশীল অর্থনীতি বিকাশের অংশ হিসেবে বাদ্যযন্ত্রের ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে আমদানিনির্ভর বাদ্যযন্ত্রের বাজারে মূল্য কিছুটা কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ ব্যাপারে বরিশালের রং পেন্সিল ব্যান্ডের ভোকালিস্ট ডাক্তার আদনান এবং কি-বোর্ডটিস্ট টুটুল বাড়ৈ সাথে আলাপকালে তারা বলেন, বর্তমানে একটি ভালো মানের গিটার কিবোর্ড কিংবা বেহালা কিনতে শিক্ষার্থী ও অভিভাবকদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। অনেক ক্ষেত্রে আগ্রহ থাকা সত্ত্বেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সঙ্গীত শিক্ষা শুরু করা সম্ভব হয় না। শুল্ক কমানোর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন এবং নতুন শিক্ষার্থীরা উপকৃত হবেন।
এদিকে এ ব্যাপারে বরিশাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রযোজক, পরিচালক বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ , খৃষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগরের আহবায় আলবার্ট বল্লভ রিপন বলেন, এটি শুধু একটি কর-ছাড়ের সিদ্ধান্ত নয়; বরং দেশের সাংস্কৃতিক বিকাশে দীর্ঘমেয়াদি সময়োপযোগী বিনিয়োগ। বিশেষ করে ডিজিটাল কনটেন্ট, ব্যান্ড মিউজিক, স্টুডিও রেকর্ডিং এবং সঙ্গীত শিক্ষার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন।
অন্যদিকে নগরীর বাদ্যযন্ত্র ব্যবসায়ীরা মনে করেন, বাজেট ঘোষণার পরপরই বাজারে বড় ধরনের মূল্যহ্রাস দেখা হয়তো যাবে না। কারণ আগে আমদানি করা পণ্য, পরিবহন ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য কর-ব্যয়ও দামের ওপর প্রভাব ফেলে। তাদের মতে, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন চালানের পণ্য বাজারে আসতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
এ ব্যাপারে বরিশাল ব্যান্ড ফেডারেশনের সভাপতি, সিনিয়র গিটারিস্ট, গিটার প্রশিক্ষক এবং ক্লাসিক রক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট সপের স্বত্বাধিকারী মিন্টু চৌধুরী আসছে বাজেটে বাদ্যযন্ত্রের উপর সরকারের কর প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়ে দ্রুত বাস্তবায়িত হলে দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও সঙ্গীত শিক্ষা ও চর্চায় নতুন গতি সৃষ্টি হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের ঘোষিত প্রাথমিক বিদ্যালয় সংগীত শিক্ষক নিয়োগে ব্যাপারটি যদি বাস্তবায়ন করা যেত তাহলে দেশের ঝিমিয়ে পরা সংগীত চর্চা সর্বপরি সাংস্কৃত চর্চায় আরো গতি পেত। দুঃখজনক ভাবে বর্তমান সরকার প্রাথমিক স্কুল শিক্ষা থেকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের খবরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্তের ফলে সমাজে বিশেষ করে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে তৃণমূল পর্যায় একটি ভুল মেসেজ যাওয়ার সম্ভাবনা প্রবল, যা আসছে বাজেটে বাদ্যযন্ত্রের উপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কে প্রশ্নের সম্মুখীন করতে পারেন বলে তিনি মনে করেন। বর্তমান সাংস্কৃতিবান্ধব সরকার এই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.