বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের
প্রকাশ: 8 June 2026 । 15:19 | আপডেট: 8 June 2026 । 15:19
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন পুনর্নির্ধারণ করেছে সরকার। একই সুবিধা প্রযোজ্য হবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার নিয়োগকৃতদের এপিএসদের ক্ষেত্রেও।
এপিএসদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।
চিঠিতে জানানো হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) এপিএস এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিযুক্ত একান্ত সচিবদের (পিএস) বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে, যার পরিমাণ ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের শুরুর ধাপে, অর্থাৎ ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক ইনক্রিমেন্ট যোগ করে তাদের বেতন নির্ধারণ করা হত।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন গ্রেড নির্ধারণ বিষয়ে মতামত জানতে গত ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে এপিএসদের নতুন বেতন গ্রেড নির্ধারণ করে অর্থ বিভাগ জানিয়েছে, তাদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারিত থাকবে। কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে তারা বিধি অনুযায়ী প্রযোজ্য অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি কোনো পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের সুবিধাও প্রযোজ্য হবে না।
এই মূল বেতন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) একান্ত সচিব পদে শুধু সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ।
অন্যদিকে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএস সাধারণত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয়ে থাকে, যা সংশ্লিষ্ট মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হয়। তবে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী যদি এপিএস পদে সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেন, তাহলে তিনি এই নির্ধারিত বেতন গ্রেডের আওতাভুক্ত হবেন না।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.