জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং..

প্রকাশ: ২১ মে ২০২৬ । ২১:১২ | আপডেট: ২১ মে ২০২৬ । ২১:৩৭

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে ২০২৬ সালে সিলেট বিভাগের জেলা ভিত্তিক সেরা স্ক্রিনিং পারফরম্যান্স অর্জন করেছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এই অর্জন শ্রীমঙ্গলের স্বাস্থ্য খাতে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও প্রতিরোধে সরকার পরিচালিত এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলতি বছরে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে। আধুনিক ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নারীদের স্ক্রিনিং কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও তথ্য সংরক্ষণ করা হয়। ফলে সেবার মান যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মাঠপর্যায়ে সেবার বিস্তৃতিও নিশ্চিত হয়েছে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। তাঁর নেতৃত্বে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং মাঠমুখী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্ক্রিনিং কার্যক্রম শুধু হাসপাতালকেন্দ্রিক সীমাবদ্ধ থাকেনি; বরং উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা।

এ বিষয়ে ডা. সিনথিয়া তাসমিন বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধি, সহজে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকল কর্মী আন্তরিকভাবে কাজ করেছেন। এই অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের নিরলস শ্রম, দায়িত্ববোধ এবং জনসেবামূলক মানসিকতার কারণেই শ্রীমঙ্গল এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জন শুধু একটি পুরস্কার নয়; এটি ভবিষ্যৎ স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনমুখী করার এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!