শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল..
প্রকাশ: ২১ মে ২০২৬ । ১৫:৩৯ | আপডেট: ২১ মে ২০২৬ । ১৫:৩৯
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান রেবিস ভ্যাকসিন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ।
জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভার এক পর্যায়ে এ ভ্যাকসিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথীয়া তাসমিন সহ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিনের ঘাটতি প্রকট আকার ধারণ করেছিল। প্রতিদিন কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আহত বহু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও প্রয়োজনীয় ভ্যাকসিনের স্বল্পতার কারণে অনেককে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা পরিষদ জরুরি ভিত্তিতে এ ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করে।
উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নতুন অর্থবছরে সরকারি বরাদ্দ আসার আগ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিনের যে চলমান সংকট রয়েছে, এই ২১৩ ভায়াল ভ্যাকসিন তা অনেকাংশে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা প্রয়োজন অনুযায়ী রেবিস প্রতিরোধী টিকা গ্রহণের সুযোগ পাবেন এবং জনদুর্ভোগ কমবে।
সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রেবিস একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। উপজেলা পরিষদের এই সহযোগিতা স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল উপজেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও স্বাস্থ্যখাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.