গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর বাদল হত্যা মামলার..
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ । ১৮:০২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ । ১৮:০২
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর বাদল চন্দ্র বর্মন (৪৩) হত্যা মামলার প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে মাদারীপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) র্যাব-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত সপ্তম চন্দ্র বর্মন গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের শ্রী কানাই লাল বর্মনের ছেলে।
র্যাব জানায়, জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখ সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদল চন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন ওই দিনই বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বাদল। এই ঘটনায় ভিকটিমের ভাই শ্রী সাধন বর্মন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন আত্মগোপনে ছিলেন। র্যাব-১৩, রংপুর এবং র্যাব-৮, মাদারীপুর-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল বিকেল ৪:২০ মিনিটে মাদারীপুর সদর থানার কানাগাছিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.