নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের..

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ । ১৮:০৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ । ১৮:০৬

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালায়।

পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অপরদিকে, তাঁদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত পপি খাতুনের কানের রিংও ছিনিয়ে নেওয়া হয়েছে।

ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। পরে পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!