শ্রীমঙ্গলে ‘গোল্ডেন সুইট’ বিপ্লব এমডি-২..
প্রকাশ: 6 April 2026 । 18:09 | আপডেট: 6 April 2026 । 18:09
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নীরবে গড়ে উঠছে ফল চাষের এক নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার নাম-ফিলিপাইনের উন্নতজাত ‘এমডি-২’ আনারস। এ আনারস চাষ করে ইতোমধ্যে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামের কৃষি উদ্যোক্তা মো. আতর আলী।
আনারস, লেবুসহ বহুমুখী ফল চাষে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি বিভাগ থেকে কৃষি পুরস্কার পেয়েছেন তিনি। নিজের বাড়ির আশপাশ, সমতল জমি এবং উঁচুনিচু টিলা ভূমি কাজে লাগিয়ে গড়ে তুলেছেন আনারস, লেবু, পেঁপে, শসা, লটকন ও কফির সমন্বিত বাগান। ফিলিপাইন থেকে শ্রীমঙ্গল-নতুন জাতের সফল অভিযাত্রা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমা পাল জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে ফিলিপাইন থেকে আমদানিকৃত উন্নতজাত এমডি-২ আনারসের চারা শ্রীমঙ্গলের ২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেকে পান ২,২৫০টি করে চারা। সে হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় ২০ জন আনারস চাষির মাঝে ৪৫ হাজার ফিলিপাইনের এমডি-২ আনারসের চারা বিতরণ করা হয়েছিল। শ্রীমঙ্গলের মাটি, আবহাওয়া ও জলবায়ু এমডি-২ আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী। শুধু শ্রীমঙ্গলেই নয়, দেশের আরও ৭ জেলায় এ জাতের চারা বিতরণ করা হয়েছে। তবে উৎপাদনের মান ও স্বাদে শ্রীমঙ্গলের আনারস ইতোমধ্যে আলাদা অবস্থান তৈরি করেছে।
আতর আলী জানান, তিনি তার পাহাড়ি টিলা জমিতে এ চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে ইতোমধ্যে তিনবার ফলন পেয়েছেন। এতে তিনি আয় করেছেন লক্ষাধিক টাকা। স্বাদে-গন্ধে অনন্য, বাজারেও চড়া দাম। তিনি আরো জানান, এমডি-২ আনারস অত্যন্ত সুস্বাদু ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। সহজে পঁচে না, আর বাজারমূল্যও বেশি। তাই আমি এই জাতের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। তিনি আরও জানান, এবার তিনি নিজেই এ জাতের চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর বলেন, ‘এমডি-২ আনারস একটি উচ্চ ফলনশীল ও আন্তর্জাতিকভাবে সমাদৃত জাত। এর স্বাদ, সংরক্ষণ ক্ষমতা এবং বাজারমূল্য বেশি হওয়ায় কৃষকরা প্রচলিত জাতের তুলনায় বেশি লাভবান হচ্ছেন।’ তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট ও কারিগরি সহায়তার মাধ্যমে এ আনারসের চাষ সম্প্রসারণে কাজ করছে।
কৃষি অফিস জানায়, বিশ্বজুড়ে ‘গোল্ডেন সুইট’ বা ‘এক্সট্রা সুইট পাইনঅ্যাপেল’ নামে পরিচিত এমডি-২ আনারস ইতোমধ্যে ফিলিপাইন, কোস্টারিকা ও থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছে। বাংলাদেশেও এর চাষ সম্প্রসারিত হলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি রপ্তানির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
শ্রীমঙ্গলের টিলা ভূমিতে এমডি-২ আনারসের সাফল্য শুধু একজন কৃষকের গল্প নয়-এটি দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত। আতর আলীর মতো উদ্যোক্তাদের হাত ধরেই হয়তো বাংলাদেশের ফল চাষ একদিন বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.