শ্রীমঙ্গলে ৫ বছর মেয়াদি উন্নয়ন..
প্রকাশ: 4 April 2026 । 16:39 | আপডেট: 4 April 2026 । 16:40
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী পাঁচ বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের কর্মসূচি এবং ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনাও আলোচনায় স্থান পায়।
শনিবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উন্মুক্ত আলোচনায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের যানজট নিরসন, পর্যটকবান্ধব অবকাঠামো উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চা বাগান শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ ও বেকারত্ব নিরসনে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.