চায়ের রাজধানী ও শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় এখানে তাপমাত্রা নেমে আসে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্য দিয়ে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে অনুভূত হচ্ছে শীতের আমেজ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। রাত যত গভীর হচ্ছে, ততই বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে শেষরাত ও ভোরে শীতের উপস্থিতি জানান দিচ্ছে বেশ ভালোভাবেই।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করেছে এখানকার প্রকৃতির চেনা রূপ। রাতের শেষভাগে কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। সবুজ ঘাসের ডগায়, চা-পাতায় আর গাছের পাতায় জমছে রাতের শিশির। ভোরের আলোয় শিশিরভেজা প্রকৃতি জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা।

এদিকে শীতের শুরুতেই শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ বিভিন্ন হাওর, বিল, ঝিল ও চা-বাগানের লেকগুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি। সংশ্লিষ্টদের ধারণা, আর কয়েক দিনের মধ্যেই এসব জলাভূমি অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠবে। শীতের সঙ্গে সঙ্গে প্রকৃতিপ্রেমীদের কাছেও নতুন আকর্ষণ হয়ে উঠবে এসব জলাভূমি।

শ্রীমঙ্গলের শীতের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

প্রতি বছর শীতের আগমনে শ্রীমঙ্গলের প্রকৃতি নতুন রূপে সাজে। কুয়াশার চাদর, শিশিরভেজা চা-বাগান আর অতিথি পাখির আগমনে দেশের অন্যতম শীতপ্রবণ এই জনপদ হয়ে ওঠে আরও আকর্ষণীয়।