ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে চোখের স্বাস্থ্যসেবা এবং শিশু-কিশোরদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় গুরুত্ব দিতে হবে।
সাজিদা ফাউন্ডেশনের আয়োজনে ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা প্রদান, ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, পুলিশ সুপার মেরিন সুলতানাসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসচ্ছল মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন