একাধিক খাদ্যভিত্তিক ভর্তুকি কর্মসূচি একীভূত এবং ফ্যামিলি কার্ডের সঙ্গে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচির সমন্বয় করা গেলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরও সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে। দেশের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায় অর্ধেকই বর্তমানে কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নেই।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, কম রাজস্ব আহরণ ও বিনিয়োগে স্থবিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি চাপে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। জ্বালানি সরবরাহের উন্নতি ও সংস্কার কার্যক্রমে গতি এলে ২০২৮ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উঠতে পারে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে। কর্মসংস্থান সৃষ্টি কার্যত স্থবির হয়ে পড়েছে এবং বিশেষ করে নারীদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে রাজস্ব আদায় জিডিপির মাত্র ৮ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, অর্থনৈতিক মন্দা এড়াতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব ও জ্বালানি খাতে দ্রুত ও সাহসী সংস্কার প্রয়োজন। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা ও নতুন কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা বাড়াতে ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি বাস্তবায়ন ও সম্প্রসারণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তথ্যভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে উপকারভোগী নির্বাচন আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, একই দিনে প্রকাশিত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অর্থনৈতিক প্রতিবেদনে চলতি বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ এবং ২০২৭ সালে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন