গাইবান্ধায় সার সংকট নিরসন, সারের সরবরাহ নিশ্চিত ও দাম কমানো, কৃষক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধিরও প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষক সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভাষ শাহ রায়, কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রেবতী বর্মন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল ও জেলা কমিটির সদস্য আব্দুল জলিলসহ অন্যরা।

বক্তারা বলেন, সার সংকটে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলারদের সিন্ডিকেট ও কৃষক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিরও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি করেন বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়।