ভোলার বোরহানউদ্দিনে ২৪.৮ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়া কাজের বুয়া (গৃহকর্মী) ইয়াসমিন বেগমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
রোববার মধ্যরাতে তাকে গ্রেফতারের পর আজ সোমবার (৩১ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৯ জুলাই) দুপুরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বাদী তাসলিমা বেগমের ঘর থেকে এ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি। ইয়াসমিন বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামের রুহুল আমীনের স্ত্রী।
পরে ৩০ জুলাই রবিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে ৩১ জুলাই সকালে বিভিন্ন প্রকারের কানের দুল, রুলি, বালা, আংটি, নাক ফুল, গলার চেইন, কান পাশা, স্বর্নের পাথর আংটি সহ ২৪ ভরি ৮ আনা স্বর্নালংকার উদ্ধার করে যার বাজার মূল্য ১৭ লাখ টাকা বলে জানা যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানের নির্দেশে রবিবার রাতভর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগম কে সোমবার সকালে আটক করে এবং চুরি মামলার মাধ্যমে দুপুরেই আটককৃত ইয়াসমিন কে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন