মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ধোঁয়া ওঠা গরম ইলিশ খিচুড়ি—বাঙালির আবেগের সঙ্গে যেন মিশে আছে এই স্বাদ। বৃষ্টিভেজা দিনে ঘরেই সহজে তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ। এক প্লেট গরম ইলিশ খিচুড়ি মুহূর্তেই এনে দিতে পারে তৃপ্তি।
উপকরণ:-
ইলিশের জন্য:-
ইলিশ মাছ ৪ টুকরা, রসুনবাটা আধা টেবিল চামচ, আদাবাটা আধা টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, কাঁচা মরিচ ৪–৫টি, পানি ১ কাপ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, শর্ষের তেল আধা কাপ এবং লবণ স্বাদমতো।
খিচুড়ির জন্য:-
পোলাও চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, মসুর ডাল ১ কাপ, কাঁচা মরিচ ৮–১০টি, গরম পানি ৭ কাপ এবং লবণ স্বাদমতো।
যেভাবে রান্না করবেন:-
প্রথমে ইলিশ মাছের সঙ্গে আদা, রসুন, পেঁয়াজবাটা ও সব মসলা মেখে এক ঘণ্টা রেখে দিন। এরপর শর্ষের তেলে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে মাখানো মাছ দিয়ে অল্প নেড়ে নিন। পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। এরপর কাঁচা মরিচ দিয়ে আরও ৫ মিনিট দমে রাখুন।
এবার মুগ ডাল হালকা ভেজে সেদ্ধ করে নিন। চাল ও মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। মাছ রান্নার একই হাঁড়িতে থাকা মসলা ও তেলে চাল-ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিন। গরম পানি ও লবণ দিয়ে ফুটতে দিন। কাঁচা মরিচ দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।
এরপর রান্না করা ইলিশ মাছগুলো খিচুড়ির ওপর সাজিয়ে দিয়ে আরও ১০ মিনিট ঢেকে দমে রাখুন। ব্যস, তৈরি হয়ে যাবে সুগন্ধি ইলিশ খিচুড়ি।
বৃষ্টিভেজা দুপুরে ধোঁয়া ওঠা গরম ইলিশ খিচুড়ি—পেটের সঙ্গে মনটাও ভরে দেওয়ার মতো এক পরম তৃপ্তি।
মন্তব্য করুন