পরিবার বা প্রিয়জনকে চমকে দিতে বিশেষ দিনে অনেকেই ভিন্ন কিছু রান্না করতে পছন্দ করেন। সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও। সঠিকভাবে রান্না করলে ঘরেই তৈরি করা সম্ভব এই মজাদার পদটি। চলুন, জেনে নিই রেসিপি।

উপকরণ:-

মাংসের জন্য:- দেড় কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও স্বাদমতো লবণ।

আখনি পানির জন্য:- দেড় লিটার পানি, কয়েক টুকরো হাড়, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।

পোলাওয়ের জন্য:- ৫০০ গ্রাম বাসমতি বা পোলাও চাল, ঘি, মাওয়া, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা ও সেদ্ধ ডিম।

রান্নার পদ্ধতি:-

মাংস রান্না:- প্রথমে খাসির মাংস ধুয়ে টকদই ও সব বাটা মসলা দিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর সসপ্যানে তেল ও পেঁয়াজ কুচি ভেজে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে রান্না শেষ হলে আলাদা পাত্রে তুলে রাখুন।

আখনি পানি তৈরি:- অন্য একটি পাত্রে দেড় লিটার পানির সঙ্গে হাড় ও সব আস্ত গরম মসলা দিয়ে জ্বাল দিন। পানি কমে প্রায় এক লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।

পোলাও রান্না:- ধুয়ে রাখা চালের সঙ্গে এক লিটার আখনি পানি, গুঁড়া দুধ ও গরম মসলা দিয়ে রান্না করুন। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম, আলুবোখারা ও বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখুন।

প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস ও মাওয়া সাজিয়ে দিন। সবশেষে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখুন। এরপর সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও।