আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ব্যবহৃত ডিজেলচালিত পানির পাম্প পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে যেসব এলাকায় ডিজেলচালিত পাম্পে সেচ দেওয়া হয়, আগামী পাঁচ বছরের মধ্যে সেগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।
তিনি জানান, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে ৪৫০–৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে বিশেষ সুবিধার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নেট মিটারিংয়ের আওতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহকারী গ্রাহকরা পরবর্তী তিন বছর প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাবেন।
সৌরবিদ্যুতের ব্যাটারি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর লেড ব্যাটারির ব্যবহার নিরুৎসাহিত করে লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়াতে চায় সরকার। এ ধরনের ব্যাটারি উৎপাদনকারী শিল্পকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
মন্তব্য করুন