জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে জাদুঘরটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি ও গণতন্ত্র ফিরে পেলেও এর জন্য দেশকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে যেন আর কখনো এমন মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে।

পরে রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।