বরিশালের উজিরপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, সার্বজনীন কেন্দ্রীয় কীর্তনাঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিনয় চন্দ্র, সাধারণ সম্পাদক বরুণ দাসসহ মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তরা।
উদ্বোধনী বক্তব্যে মহেশ্বর মণ্ডল বলেন, অধর্ম, অন্যায় ও অত্যাচার দূর করে সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর নিষ্কাম কর্মযোগ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং বৈষম্য দূর করার শিক্ষা চিরন্তন ও সার্বজনীন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন তৎপর রয়েছে।
পরে শ্রীকৃষ্ণের শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী ধারণ করে সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন