পরিবেশ সংরক্ষণে দেশের প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।”

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ এবং অংশগ্রহণই একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।

তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের অবস্থান থেকে পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, পরিবেশ সংরক্ষণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সক্ষমতা আরও শক্তিশালী হবে।