রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলা চালাতে পারে—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। তাই ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা সব পুলিশি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক পুলিশের সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদার করতে বলা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।