রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় তিনি সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীকে ঘিরে থাকা নৌপথগুলো পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, রাজধানীর চারপাশের চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন খাতের বিকাশেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।