সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন প্রজন্মের সাফল্যই হবে দেশের সবচেয়ে বড় অর্জন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও ক্রীড়াবিদ তৈরি হবে। তাই কখনো নিজেকে ছোট মনে করবে না, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা বিজয় অর্জন করলে সেটিই হবে পুরো জাতির গর্ব এবং বাংলাদেশের সাফল্য।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকাদের ফুটবল ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন। পরে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতার আটটি ডিসিপ্লিনে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। পরে ঢাকার বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্বের সমাপনী দিনে বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রংপুর।
মন্তব্য করুন