পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মাদ্রাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনাটি প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নগদ ৫ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইব্রাহীম দাবি করেন, তিনি একটি ষড়যন্ত্রের শিকার এবং স্থানীয় একটি পক্ষ তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন