সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্স-এর এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এ আলোচনায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী বলেন, “সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।”
সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “আমিও মনে করি, সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া।”
তিনি আরও বলেন, সাংবাদিকতার পরিসর কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। “সাংবাদিকতার কোনো বর্ডার থাকতে পারে না,” উল্লেখ করে তিনি বলেন, সত্য ও তথ্যের অনুসন্ধানই সাংবাদিকতার মূল দায়িত্ব।
মন্তব্য করুন