বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে সরকার।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘রোবোটিকস সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে।”

তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, চলতি অর্থবছরের বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের কাঁচামালের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।