মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানে গিয়ে অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশের সিডিএমএস যাচাইয়ে গ্রেফতারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।