প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে পোশাক বা স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের অনেক শিক্ষার্থীই মাত্রাতিরিক্ত ডিভাইস আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার মাধ্যমেই মূলত এই সমস্যার কার্যকর সমাধান করা সম্ভব। এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের মান বাড়াতে শিক্ষকদের মনিটরিং ও নজরদারি আরও জোরদার করার তাগিদ দেন তিনি।

যেসব শিক্ষক সময়মতো স্কুলে উপস্থিত হন না কিংবা পাঠদানে অবহেলা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনাও দেন তিনি। একই অনুষ্ঠানে আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হতে যাচ্ছে বলেও জানান মিলন।