পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং র্যাব-১২, বগুড়ার সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে নাটোরের সিংড়া থেকে আন্তজেলা গরু চোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুরে সংঘটিত একাধিক গরু চুরির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কৃষকের মূল্যবান সম্পদ রক্ষায় গরু চোরদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন