জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করে বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। এছাড়া অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, নিউজফিড আপডেট হচ্ছে না এবং বিভিন্ন ফিচার ব্যবহারে বিঘ্ন ঘটছে।

পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

তবে এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ফলে সমস্যার কারণ এবং সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।