বীর মুক্তিযোদ্ধাদের সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে সরকার কাজ করছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পূরক প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের সঙ্গে মুক্তিযোদ্ধার তালিকায় সংযোজন-বিয়োজনের ঘটনা ঘটেছে। স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা পায়নি। বর্তমান সরকারের এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিএনপির একটি ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর যাদের নিরপেক্ষ ও সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের দায়িত্ব ছিল, তারা তা করতে পারেননি। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে তালিকা তৈরির প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে, যাতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা জাতির সামনে প্রকাশ করা যায়।